নাট্যগীতি — ৮৩
গীতবিতান
তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া—কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া।বিহানবেলা আঙিনাতলে এসেছ তুমি কী খেলাছলে—চরণ দুটি চলিতে ছুটি পড়িছে ভাঙিয়া।তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া।
কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি—দুয়ার-পাশে জননী হাসে হেরিয়া নাচনি।তাথেই-থেই তালির সাথে কাঁকন বাজে মায়ের হাতে—রাখাল-বেশে ধরেছ হেসে বেণুর পাঁচনি।কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি।
নিখিল শোনে আকুল-মনে নূপুর-বাজনা,তপন-শশী হেরিছে বসি তোমার সাজনা।ঘুমাও যবে মায়ের বুকে আকাশ চেয়ে রহে ও মুখে,জাগিলে পরে প্রভাত করে নয়ন-মাজনা।নিখিল শোনে আকুল-মনে নূপুর-বাজনা।
Comments
Loading comments…