ধরাতল
চৈতালি
ছোটো কথা, ছোটো গীত, আজি মনে আসে।চোখে পড়ে যাহা-কিছু হেরি চারি পাশে।আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী,কূলে কূলে দেখা যায় শ্যামল ধরণী।সবই বলে, ‘যাই যাই’ নিমেষে নিমেষে—ক্ষণকাল দেখি ব’লে দেখি ভালোবেসে।তীর হতে দুঃখ সুখ দুই ভাই বোনেমোর মুখ-পানে চায় করুণ নয়নে।ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে—মনে ভাবি, কত প্রেম আছে তারে ঘিরে!যবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়ানেআমার পরান হতে ধরার পরানে—ভালোমন্দ দুঃখসুখ অন্ধকার-আলো,মনে হয়, সব নিয়ে এ ধরণী ভালো।
Comments
Loading comments…