দিবা স্বপ্ন (২)

Translated from English by সত্যেন্দ্রনাথ দত্ত (Satyendranath Dutta, Q7426956)

তীর্থ-সলিল

সরু গলির মোড়ে, যখন, দিনের আলোক ঝরে,ময়না দাঁড়ে গাহে, এমন গাইছে বছর ধ’রে;সুসান্ যেতে পথে, হঠাৎ শুন্‌তে পেলে গান,শব্দ সাড়া নাইক ভোরে শুধুই পাখীর তান।মন ডুবিল গানে, একি, কি হ’ল ওর আজ,—দেখ্‌ছে যেন, জাগে পাহাড় গাছের পরে গাছ;উজল হিমের ঢেউ চলেছে গলিটির মাঝ দিয়ে,ঘেঁসাঘেঁসি বস্তি মাঝে চল্‌লো নদী ধেয়ে!সবুজ গোঠের ছবি, তাহার পাহাড় দু’টি ধারে,সে পথ দিয়ে গেছে কত কল্‌সী নিয়ে ভ’রে;এক্‌টি ছোট ঘর সে যেন বাবুইপাথীর বোনা,তার চোখে সে ঘরের সেরা, নাইক তার তুলনা;স্বর্গের সুখ পরাণে তা’র; মিলিয়ে আসে ধীরে—ঘোর কুয়াসা, ছায়া, নদী, পাহাড় যত তীরে;বইবে নারে নদী, পাহাড় তুলবে না আর শির,স্বপন টুটে, নয়ন ফুটে, মুছে নয়ন নীর।ওয়ার্ড্‌সোয়ার্থ্।

Comments

Loading comments…